আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত পরিস্থিতি ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সিগন্যালস কোরকে ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিএন্ডএস) ‘কোর অব সিগন্যালস’-এর বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এ সময় আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কোরের সব সদস্যকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
সম্মেলন শেষে সেনাপ্রধান সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবিত প্রকল্পগুলো ঘুরে দেখেন তিনি।
এ ছাড়া শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে কোরের পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং দেশের জন্য বিভিন্ন সময়ে রাখা অবদান ও অর্জনের বিষয়গুলো তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিগন্যালস কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।