বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই পরিবারের মা ও মেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি আঞ্চলিক সড়কের ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার পাঁচ বছরের ছেলে বিপ্লব চন্দ্র দাস এবং অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বিপুল তার পরিবার নিয়ে ঢাকায় থেকে শ্বশুরবাড়ি নারচী গ্রামে যাচ্ছিলেন। তারা সকালে ঢাকার বাস থেকে নেমে অটোরিকশায় গন্তব্যের উদ্দেশে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক শুকুর আলীর মৃত্যু হয়। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার শিশু ছেলে মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।