নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির রাজধানী ইসলামাবাদে নারীদের জন্য ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আগামী তিন মাসের মধ্যে এ সার্ভিস চালু হতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩০টি বৈদ্যুতিক বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। বাসগুলো চীন থেকে আমদানির পরিকল্পনা রয়েছে। এ কাজে দেশটির প্রতিষ্ঠান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) সহযোগিতা নেওয়া হবে।
বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। এসব বাসের সেবা জনপ্রিয়তা পেলেও ব্যস্ত সময়ে নারীদের আসন পেতে ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা সমাধানেই নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে বোর্ডের অনুমোদনের জন্য প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে চীন থেকে বাস আমদানির বিষয়ে এইচআইটির সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রাথমিকভাবে বিদ্যমান বৈদ্যুতিক বাসের রুটগুলোতেই পিংক বাস চালানোর পরিকল্পনা রয়েছে। তবে যাত্রীদের চাহিদা বিবেচনায় প্রয়োজনে নতুন রুটও যুক্ত করা হতে পারে।
এদিকে ইসলামাবাদে পর্যটকদের আকর্ষণ বাড়াতে ডাবল ডেকার বাস সার্ভিস চালুর উদ্যোগও নিয়েছে সিডিএ। প্রাথমিকভাবে চারটি বাস দিয়ে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ বাসে ২৫ কিলোমিটারের একটি সিটি ট্যুর পরিচালনা করা হবে।
এফ-৯ পার্ক থেকে শুরু হওয়া এ যাত্রায় ফয়সাল মসজিদ, লোক বিরসা ও শাকারপারিয়ানের মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন যাত্রীরা।
সিডিএর ওই কর্মকর্তা জানান, ডাবল ডেকার বাস সার্ভিস চালুর প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। প্রকল্পটির পিসি-১ ইতোমধ্যে সিডিএর বোর্ড ও ডেভেলপমেন্ট ওয়ার্কিং পার্টির (ডিডব্লিউপি) অনুমোদন পেয়েছে। এটি শিগগিরই চালু হতে পারে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালুরও লক্ষ্য রয়েছে।