দীর্ঘ বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার সকালে দেশটির রাজধানী মানামায় হঠাৎ সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা যায়।
তবে বাহরাইন সরকার জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইরানের ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে মোট ছয়টি ড্রোন পাঠায়।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত। এর আগেও বিভিন্ন সময়ে দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে তেহরান। রোববারের আকস্মিক এ হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানো এড়িয়ে চললেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন। অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত রেখেছে। বিপরীতে ইরানও ওই অঞ্চলে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ
এদিকে লোহিত সাগরের সাম্প্রতিক ঘটনাগুলো উপসাগরীয় অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। হুতি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাতের একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এতে ওই জলপথের ওপর ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে।
সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল উৎপাদনকারী দেশ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য এই নৌপথ ব্যবহার করে। ফলে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।