যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত ৭০ শিশুকে প্রলোভনে ফেলে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় এক যুবককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত বিলাল কাজির বয়স ২৭ বছর। তার শিকার শিশুদের বয়স ছিল ১০ থেকে ১৭ বছরের মধ্যে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিশুদের সঙ্গে যোগাযোগ করতেন কাজি। নিজেকে ১৪ বছর বয়সী শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিয়ে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার ভান করতেন। একপর্যায়ে কৌশলে শিশুদের কাছ থেকে যৌন উত্তেজক ছবি ও ভিডিও সংগ্রহ করতেন তিনি।
ভারত থেকে যুক্তরাজ্যে আসা কাজি ইউনিভার্সিটি অব চেস্টারে পড়াশোনা করতেন। ৩৭টি অভিযোগে দোষ স্বীকারের পর তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ছিল অশালীন ছবি তৈরি, ব্ল্যাকমেইল এবং শিশুদের যৌন কর্মকাণ্ডে প্ররোচিত করা।
আদালতের নির্দেশ অনুযায়ী, প্যারোলে মুক্তির আবেদন করার আগে তাকে অন্তত ২০ বছর কারাগারে থাকতে হবে। এ ছাড়া আজীবন যৌন অপরাধীর তালিকায় তার নাম থাকবে। প্যারোলে মুক্তি পেলেও পরবর্তী আট বছর তাকে বিশেষ নজরদারির মধ্যে থাকতে হবে।
আদালতে এক ভুক্তভোগী জানান, কাজির কর্মকাণ্ড তার ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার অনুভূতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ঘটনার প্রভাব এখনো তার দৈনন্দিন জীবনে রয়ে গেছে। আদালত আরও জানতে পারেন, কয়েকজন ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেছেন। অনেকে উদ্বেগ ও খাদ্যাভ্যাসজনিত সমস্যায় ভুগছেন।
তদন্তে উঠে এসেছে, ‘রিস’ ছদ্মনাম ব্যবহার করে ভুয়া ছবি দিয়ে শিশুদের সঙ্গে যোগাযোগ করতেন কাজি। শুরুতে সাধারণ ছবি চাইলেও পরে ধাপে ধাপে আরও আপত্তিকর ছবি পাঠানোর জন্য চাপ দিতেন। কেউ এতে রাজি না হলে আগে পাঠানো ছবি প্রকাশের হুমকি দিতেন। কয়েকজন ভুক্তভোগীর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের ছবি বন্ধুদের কাছে পাঠানো এবং অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২১ সালে এক ভুক্তভোগী ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়। পরে এর দায়িত্ব নেয় চেশায়ার পুলিশ। প্রাথমিক তদন্তে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। ২০২৩ সালের ২১ জুলাই হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে ফেরার সময় কাজিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ৩৯টি অভিযোগ আনা হলেও এর মধ্যে ৩৭টি স্বীকার করেন তিনি।