গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। অর্থাৎ, এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী।