পঞ্চগড়ের বোদা উপজেলায় বসতবাড়িতে চুরির সময় হাতেনাতে আটক হওয়ার পর গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরির সময় আটক হওয়ার পর তিনি গণপিটুনির শিকার হন।
নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাতে লস্করাপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে গেলে বাড়ির মালিক তাকে আটক করেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার মারধরে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে অচেতন অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।