চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ সময়ে সবচেয়ে বেশি অর্থ এসেছে সৌদি আরব থেকে। রেমিট্যান্স পাঠানোর দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। ১৬১ কোটি ৬৬ লাখ ডলার পাঠিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
অন্য দেশগুলোর মধ্যে কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সর্বশেষ অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগের মাস সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।
এ ছাড়া আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।