এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা।
এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাঁদের মধ্যে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ফল প্রকাশের মাত্র এক মাসের মধ্যে এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এতে উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে বেশি ফরম পূরণ করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ১৬৭। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বোর্ডে ফরম পূরণ করেছেন ৪৭ হাজার ৮৬৯ জন। আর সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে, ১৪ হাজার ৪০৬টি।
অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোরে ৩৯ হাজার ২৩২, দিনাজপুরে ৩৭ হাজার ৯১১, চট্টগ্রামে ৩১ হাজার ৫৪১, কুমিল্লায় ২৭ হাজার ৬৫৩, সিলেটে ২১ হাজার ৪২০ এবং ময়মনসিংহে ২১ হাজার ৩১৮ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৩৪ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত সম্পূরক পরীক্ষার ফরম পূরণ করতে পেরেছেন। ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর। ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।