শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করার অন্যতম কারণ হলো, এর সঙ্গে ভারত জড়িত।
শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী এ পদযাত্রার আয়োজন করে সংগঠনটি।
এর আগে জুমার নামাজের পর হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কক্সবাজার শহরে মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা এবং কক্সবাজারের জুলাই যোদ্ধারা অংশ নেন।
কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদ পরিবারের অভিশাপে দিল্লি ভেসে যেতে হবে।
এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষিত তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা।
এ ছাড়া এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা।