ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গায় ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙ্গার কাছের রঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে সেটিকে ধাক্কা দেয় একটি ট্রাক।
এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’
সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে আছি। বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
স্বপ্ননীল ডেকা আরও বলেন, ‘পার্কের কাছে আরোপিত বিধিনিষেধ অমান্য করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে কনটেইনার ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।’