যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ওয়াশিংটন ডিসিতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের বরাতে জানা গেছে, ওয়াশিংটন ডিসির বিভিন্ন স্থানে গুলি চালানো হয়। তবে ঠিক কোন জায়গায় এবং কে গুলি ছুড়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ বিভাগের মুখপাত্র নিকোল ডিনার জানান, গুলি চালানো ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একজন অস্ত্রধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলের আশপাশে একটি ফিটনেস সেন্টার, গির্জা ও আবাসিক এলাকা রয়েছে। কাছাকাছি একটি সুপারমার্কেটও আছে।
নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। পাশাপাশি আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন জারি করা হয়েছে।