দেশের অধিকাংশ ব্যাংকের গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা ও জালিয়াতি প্রতিরোধের পর্যাপ্ত সক্ষমতা নেই। নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও নজরদারির ব্যবস্থা থাকলেও হামলা বা জালিয়াতির ঘটনা ঘটলে তা মোকাবিলায় লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকের, যার ফলে বাকি ৬৯ শতাংশ ব্যাংকের প্রস্তুতি নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে লেনদেনের তথ্য ও গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে মাত্র ৪৪ শতাংশ ব্যাংক। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক সাম্প্রতিক গবেষণায় ব্যাংকিং অ্যাপের নিরাপত্তার এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা: বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
বিআইবিএমের প্রাথমিক জরিপে অংশ নেওয়া ৩৪টি ব্যাংকের নিজস্ব তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, ব্যাংকগুলোর গ্রাহকসেবার অ্যাপে নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। এর পাশাপাশি গ্রাহকের হিসাবের নিয়ন্ত্রণ দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনাও ব্যাপক হারে ঘটছে। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৮১ শতাংশ নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা বা ইভেন্ট লগিং চালু রাখলেও তাৎক্ষণিক নজরদারির সক্ষমতায় তারা বেশ পিছিয়ে রয়েছে। এ ছাড়া ৭৮ শতাংশ ব্যাংক গ্রাহকের হিসাবের সঙ্গে নির্দিষ্ট ডিভাইস যুক্ত রাখা ও পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রাখলেও ঝুঁকির মাত্রা বিবেচনা করে পরিচয় যাচাইয়ের পদ্ধতি পরিবর্তন করে মাত্র ১৬ শতাংশ ব্যাংক। গবেষণায় আরও উল্লেখ করা হয় যে, ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ব্যবহার করলেও এসব সেবাদাতার এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে মাত্র ৩৪ শতাংশ ব্যাংক। পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ৪৭ শতাংশ ব্যাংক বাজেট এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবের কথা জানিয়েছে এবং ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে।
বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের প্রধান অতিথিত্ব এবং বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রভাষক ফাহাদ আহমেদ। গবেষণা দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও পরামর্শ বিভাগের পরিচালক ও অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদ। আলোচনায় নির্ধারিত আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন এবং সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান অংশ নেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংকগুলোর অভ্যন্তরীণ বিভাগগুলোর মধ্যে সমন্বয় করে নিয়মিত যৌথ নিরাপত্তা মহড়ার আয়োজন, গ্রাহকদের জালিয়াতি প্রতিরোধে সহজ অভিযোগ জানানোর ব্যবস্থাসহ শক্তিশালী পরিচয় যাচাই প্রক্রিয়া চালু এবং অ্যাপের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে যুক্ত তৃতীয় পক্ষের সেবাদাতাদের সুস্পষ্ট জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে সাইবার নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি পরিমাপে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট সূচক নির্ধারণ এবং দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।