সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা মারার নির্দেশ দিয়েছেন সে দেশের এক আদালত। সন্তান জন্ম দেওয়ার পর এসথার ওয়ানজা মুথোনি নামের ওই নারীর বিরুদ্ধে এই নির্মম দণ্ডাদেশ দেওয়া হয়, যা প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই রায়কে ‘নারীর প্রতি চরম সহিংসতা’ ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, এসথার সৌদি আরবে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন। সেখানে এক মিসরীয় নাগরিকের সঙ্গে স্বল্পস্থায়ী সম্পর্কের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরবর্তীতে সন্তানের জন্ম হলেও শিশুটির বাবা সৌদি আরব ত্যাগ করেন। সৌদি আরবের কঠোর শরিয়াহভিত্তিক বিচারব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর তাঁকে আইনের মুখোমুখি হতে হয়। রায়ের পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আশঙ্কা প্রকাশ করে এসথার বলেন, তিনি শত আঘাত সহ্য করতে পারবেন কি না তা নিয়ে চরম আতঙ্কিত এবং এই দণ্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেননি।
মানবাধিকার সংগঠন ‘আল-কিস্ত’-এর ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এবং অধিকার রক্ষা সংস্থা ‘ডু বোল্ড’-এর প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার মতে, এ ধরনের সাজা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আধুনিক ও নারীবান্ধব সৌদি আরব গড়ার কথিত সংস্কার দাবির বিপরীত চিত্র তুলে ধরে। বিচারিক সংস্কারের নামে ২০২০ সালে সৌদি আরব বেত্রাঘাত প্রথা রদের ঘোষণা দিলেও ‘হুদুদ’ বা ব্যভিচারের মতো অপরাধের ক্ষেত্রে এই সাজা বহাল রাখা হয়েছে। অন্যদিকে, বিপদে পড়া কেনীয় মায়েরা নিজ দেশের দূতাবাস বা কর্তৃপক্ষের থেকেও পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিম আলসালেমের নির্ধারিত সৌদি আরব সফর স্থগিত হওয়ার তথ্য জানা গেছে, যা এ ইস্যুতে কূটনৈতিক ও বৈশ্বিক চাপ আরও বৃদ্ধি করছে।