যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবের ওপর ভোটাভুটি আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। এ ঘটনাকে নিজেদের ‘পূর্ণ বিজয়’ হিসেবে উল্লেখ করেছে পেন্টাগন।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, অভিশংসনের প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর মধ্য দিয়ে হেগসেথ, প্রতিরক্ষা দপ্তর এবং মার্কিন সেনাদের বিজয় হয়েছে।
তিনি আরও বলেন, কমিটিতে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলে তথ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট হবে এবং এ নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটবে।
এর আগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দিয়েছিলেন শন পার্নেল। অন্যদিকে, অভিশংসনের প্রস্তাবের ওপর ভোটাভুটি আটকে দেওয়ায় রিপাবলিকান সদস্যদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।