ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রীতি গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কারখানার ভবনের ওপরের তলায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানা ভবনের সর্বোচ্চ তলা (টপ ফ্লোর) থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।