গ্রিসে অবৈধভাবে প্রবেশে উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের অভিযোগে ২৭ বছর বয়সী এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকেও ফেরত পাঠানো হয়েছে।
গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই যুবকের সঙ্গে বাকি ৫০ বাংলাদেশিকে কী কারণে ফেরত পাঠানো হয়েছে, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। তাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া, বসবাসের অনুমতি না থাকা কিংবা অন্য কোনো কারণে ফেরত পাঠানো হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, গত জুনে গ্রিসের নাফপ্লিও এলাকায় ধারণ করা একটি ভিডিওতে ওই বাংলাদেশি নিজ দেশের নাগরিকদের সেখানে যাওয়ার আহ্বান জানান। ওই এলাকায় কাজের সুযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশ তাঁদের তল্লাশি করবে না। এমনকি বছরের পর বছর অবৈধভাবে অবস্থান করলেও কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তাঁর মতে, এ ধরনের ভিডিও গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে ভুল বার্তা ছড়ায় এবং মানব পাচারকারী চক্রের জন্য সহায়ক হতে পারে।
এরপর গ্রিসের পুলিশ ওই বাংলাদেশিকে শনাক্ত করে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয় এবং বসবাসের অনুমতি বাতিলের উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ জুন তাঁর বসবাসের অনুমতি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রিসে থাকার অনুমতি পেতে ওই ব্যক্তি তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে প্রতিবারই তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়। একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই আইনজীবী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে গ্রিসে থাকার সুযোগ করে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।
প্রোটো থেমার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেরত পাঠানোর হার বেড়েছে ২০ শতাংশ। একই সময়ে জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা বেড়েছে ৪১ শতাংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিবাসন নিয়ন্ত্রণে আশ্রয়ের আবেদন দ্রুত নিষ্পত্তি, অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানো এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে গ্রিস সরকার।