ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বড় ধরনের সংকটে পড়েছে। ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতা, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান হারানোর ঘটনায় তার ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, অনন্ত জলিলের একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েও সফল হননি তিনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টাও কাজে আসেনি।
এর মধ্যে ঋণের টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির কাছে এবি অ্যাপারেলস লিমিটেডের বকেয়া রয়েছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে দেওয়া একটি চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
নিজের ব্যবসায়িক সংকট নিয়ে গণমাধ্যমকে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে কাজ না থাকলেও শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দিতে তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরে ওই ঋণের সুদ বাড়তে থাকায় দেনার পরিমাণও বেড়েছে। বৈশ্বিক মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিকে এ সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সংকট থেকে উদ্ধার করতে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করেছেন অনন্ত জলিল। একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও কয়েক দফা বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে এসব উদ্যোগ থেকে প্রত্যাশিত সাড়া পাননি তিনি।
চলচ্চিত্রে বেশি সময় দেওয়ার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল। বর্তমানে ব্যবসায়িক সংকট ও ঋণের বোঝা সামাল দেওয়াই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।