ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া থেকে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করছে তেহরান। এর অংশ হিসেবে রুশ নির্মিত মিগ-২৯এস মডেলের যুদ্ধবিমান ইতোমধ্যেই ইরানে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ।
মঙ্গলবার ইরানি গণমাধ্যম দিদবানকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা তাস জানায়, নতুন যুদ্ধবিমানগুলো এখন শিরাজের ঘাঁটিতে অবস্থান করছে। জোহরেভান্দের ভাষায়, মিগ-২৯এস কেবল একটি “স্বল্পমেয়াদি সমাধান”। এর বাইরে ইরান বর্তমানে রাশিয়ার উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে ইরান শুধু যুদ্ধবিমানই নয়, বরং রাশিয়ার এস-৪০০ ও চীনের এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের প্রক্রিয়াও শুরু করেছে। এসব বিষয়ে কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।
এদিকে, রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
তথ্যসূত্র: তাস, জেরুজালেম পোস্ট