অনলাইনে অনুষ্ঠিত ‘বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতা’র বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম খান, অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী উম্মে রুমা ট্রফি, কবি বরুণ চক্রবর্তী ও অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আহমেদ মোসলেহ উদ্দীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আবাসিক সম্পাদক সাহানারা খাতুন এবং পরিচালনা করেন সম্পাদক ওমর আলী।
নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে ‘এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম’। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, আমেরিকা ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন।
বিভাগভিত্তিক বিজয়ী তালিকা:
বিশ্ববিদ্যালয় বিভাগ: ১ম স্থান অধিকার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের (মাষ্টার্স) শিক্ষার্থী আত্মা খান। ২য় স্থান অর্জন করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুরের শ্রাবন্তী আক্তার জিনিয়া এবং ৩য় হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলির পৌলমী মুখার্জী।
পপুলার ক্যাটাগরি: ১ম স্থান অর্জন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজনীন আজাদ।
সর্বসাধারণ বিভাগ: যৌথভাবে পুরস্কার পেয়েছেন তৃষ্ণা রাণী রায়, কলকাতার শালিনী লোধ, মুন্সীগঞ্জের এস এম মনির এবং আসামের শিলচরের শর্মিষ্ঠা দাস পুরকায়স্থ।
বিশেষ বিভাগ: বিজয়ী হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী টাঙ্গাইলের সন্দীপা পোদ্দার, বরিশালের আল আমিন হোসেন, রংপুরের মারিয়া আক্তার এবং সুনামগঞ্জের মহাশ্বেতা রাই।
শিশু বিভাগ: পুরস্কার পেয়েছে ভারতের মালদা জেলার কৌশিকী সিংহ, ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাদিয়া ইসলাম হৃদি, বিএএফ শাহীন কলেজের চাঁদনী রায়, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আদ্রিতা কুণ্ডু, খুলনার অনির্বাণ বিশ্বাস, কলকাতার অনামিভা রায়, জামালপুরের এ এম প্রচ্ছদ এবং মুর্শিদাবাদের আলিয়ান জাহিদীন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে বিচারকমণ্ডলীর সদস্যরা বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সংগ্রামী এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সবশেষে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।