সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ। পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের মৃত্যুর পর তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মসজিদে হারাম কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্র্যান্ড মুফতির দায়িত্ব গ্রহণের আগে শায়খ সালেহ বিন হুমাইদ মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম-খতিবদের তত্ত্বাবধানকারী প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেমদের একজন হিসেবে বিচারক, শিক্ষক ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।
১৯৯৩ সাল থেকে তিনি সৌদি মজলিস আল শুরার সদস্য এবং ২০০২ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষদের স্পিকার ছিলেন। বর্তমানে তিনি মক্কার মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি মক্কার আরবি ভাষা একাডেমির সদস্য, জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি এবং ২০১৬ সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের সার্ভিস টু ইসলাম বিভাগে পুরস্কৃত হন।