সারা দেশে প্রথম পর্যায়ে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (০৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিষয়ে সিনিয়র সচিব জানান, আগামীতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে ব্যবহৃত যন্ত্রগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।
এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলেও জানান আখতার আহমেদ।