সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।