যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কার মধ্যেই নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামরিক অবকাঠামো শক্তিশালী করার তৎপরতা বাড়িয়েছে ইরান। দেশটির অন্তত দুটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটির আশপাশে নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমএআইএআর-এর বিশ্লেষকদের পর্যালোচনা করা নভেম্বরে ধারণ করা স্যাটেলাইট চিত্রে তেহরানের কাছের কারাজের গারমদারেহ সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলের শাহরৌদ ঘাঁটিতে খননকাজ ও নতুন ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স ও বিমানঘাঁটিসহ অন্তত ১২টি সামরিক স্থাপনায় সংস্কার ও মেরামতের চিহ্ন দেখা গেছে।
পশ্চিম ইরানের কেরমানশাহ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছাদ নতুন করে তৈরি করা হয়েছে। অন্যদিকে, রাজধানী তেহরানের পূর্বে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্স থেকে ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়েছে। এর আগে একাধিকবার বিমান হামলার লক্ষ্যবস্তু হলেও স্থাপনাটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে ইরান।
সিআইএর সাবেক বিশ্লেষক ও ইরানবিষয়ক বিশেষজ্ঞ জিম ল্যামসনের ধারণা, শাহরৌদ ঘাঁটির কাছাকাছি চলমান খননকাজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকার বিমানঘাঁটি একাধিকবার হামলার লক্ষ্য হওয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) উৎপাদনকেন্দ্রগুলো ভূগর্ভে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে বলেও মনে করেন তিনি।
এমএআইএআর-এর এক বিশ্লেষকের মতে, সম্ভাব্য নতুন হামলা থেকে সামরিক অবকাঠামো সুরক্ষিত রাখতে ভূগর্ভস্থ স্থাপনার দিকে ঝুঁকছে ইরান।
প্রতিরক্ষা বিশ্লেষক ও আইরিশ সেনাবাহিনীর সাবেক প্রধান মার্ক মেলেত বলেন, ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণের ফলে বাইরের পর্যবেক্ষকদের পক্ষে সেগুলোর বিস্তৃতি ও কার্যকারিতা নিরূপণ করা কঠিন হয়ে পড়ে। ফলে সামরিক স্থাপনাগুলোর সক্ষমতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহও জটিল হয়ে ওঠে।
এদিকে, কারাজের স্যাটেলাইট চিত্রে একাধিক যানবাহনের উপস্থিতি দেখা গেছে। একই সঙ্গে ওই এলাকার কাছাকাছি একটি বিমানঘাঁটিতেও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলার ইঙ্গিত মিলেছে।