জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ঘটনায় দলটির নেতাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও নেতা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘নোংরামি বন্ধ করো। এভাবে রাজনীতি হয় না।’
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান রনি।
পোস্টে তিনি লেখেন, ‘তোমরা কি এতটা দেউলিয়া হয়ে গিয়েছ যে আমার স্ত্রী পরিচয় দেওয়া কাউকে তোমাদের নেত্রী বানিয়ে রাজনীতি করতে হবে?’
এনসিপির নেতাদের সঙ্গে নিজের আগে থেকেই পরিচয় থাকার বিষয়টি তুলে ধরে রনি লেখেন, ‘হাসনাত বিয়ে করেছে আমার এলাকায়। আমার চৌদ্দ গুষ্টির খবর তার জানার কথা। সার্জিসও আমার বাসায় বেড়াতে গিয়ে আমার স্ত্রীর হাতের খাবার খেয়ে এসেছে। নাহিদও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কথা বলেছে সরাসরি এবং অন্যান্য মাধ্যমে। তারপরও কেন এমন নোংরামি?’
পোস্টের শেষ দিকে রনি প্রশ্ন রাখেন, ‘একটি রাজনৈতিক দল যদি এমন হয় তবে তাদেরকে নিয়ে কি বলা উচিত?’
এর আগে কয়েকটি গণমাধ্যমে গোলাম মাওলা রনির স্ত্রী পরিচয়ে ফারজানা আফরোজের এনসিপিতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়। তবে এ পরিচয় নাকচ করে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন রনি।
ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’। এর প্রতিক্রিয়ায় রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’
এর আগে জানা যায়, ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। দলটির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক বিষয়টি নিশ্চিত করেন।