জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব ও দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, নাহিদ ইসলাম ডাক দিলেও এখন আর ১০০ জন লোক জড়ো হবেন না।
গণঅভ্যুত্থানের পর এনসিপি ‘নামসর্বস্ব দলে পরিণত’ হওয়ার পেছনে নাহিদ ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, ‘নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন! নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি, তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও প্রশ্ন তোলেন, ‘গণঅভ্যুত্থানের মহানায়কের কেন এই মহা অধঃপতন? কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?’
গণঅভ্যুত্থানে নিজেদের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম ও তাঁর অনুসারীদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার অভিযোগও করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে তারাই সব করেছিলেন! তারাই যে সব করেননি, সেটা তিনি যত বেশি অহংকারী হবেন, তত বেশি টের পাবেন।’
এনসিপির নেতাকর্মীদের দল ছাড়ার প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘নাহিদ ইসলামের সঙ্গে কারা থাকছে, আর কারা তাকে বর্জন করছে, তিনি কি উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন? যেখানে সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে?’
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। নিজের পদত্যাগের কারণ জানিয়ে দেওয়া দীর্ঘ বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং সংগঠনে গণতন্ত্র চর্চার অভাবের অভিযোগ তোলেন।