বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনসহ দেশের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছে ভারত।
জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তাঁরা ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যেতে চান।
এদিকে বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে। সকালে ঢাকার মিরপুর এলাকায় কয়েকটি কারখানা আংশিক চালু হলে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দুই দেশের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আন্তসীমান্ত নদী নিয়ে আলোচনা দুই দেশের নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে। এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ভারতের পক্ষ থেকে দেশটি সফরের আমন্ত্রণ রয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।