হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম।
প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ ড্রোন অকার্যকর করে দেয়। এ নিয়ে এ ধরনের মোট চারটি ড্রোন আটক বা ভূপাতিত করার দাবি করল ইরানের বাহিনী।
তাসনিমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের এই অভিযানের কারণে ড্রোন দুটি নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারেনি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে গত সপ্তাহেও একই ধরনের দুটি ঘটনার কথা জানিয়েছিল ইরান।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, কেশম দ্বীপের আকাশে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স।
এর আগের দিন হরমুজ প্রণালির পশ্চিম অংশে একই ধরনের আরেকটি ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আইআরজিসির নৌবাহিনী। তাদের ভাষ্য, ড্রোনটিকে অক্ষত অবস্থায় অবতরণ করানো হয়েছিল।
তবে বৃহস্পতিবারের ওই ঘটনা নিয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
এরপর ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে দুই পক্ষের মতপার্থক্যের কারণে চুক্তিটির বাস্তবায়ন থমকে যায়।