দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা চলছে। এর মধ্যেই মার্কিন বাহিনীর হামলার খবর সামনে এল।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি। আপনারা এটাকে যুদ্ধ বলবেন কি না আমি জানি না কারণ আমরা কয়েক মাস ধরে কোনো যুদ্ধ করছি না।’
তবে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি বা হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে ইরানি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহসহ কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।