আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর জন্য চূড়ান্ত প্রতীক তালিকায় শাপলা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, প্রতীকের বিষয়ে কমিশনের তালিকায় ১১৫টি প্রতীক নির্ধারণ করা আছে। এর বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেওয়ার নিয়ম নেই। তাই শাপলা প্রতীক কমিশনের পক্ষ থেকে দেওয়ার সুযোগ নেই।
গতকাল সোমবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন এবং শাপলাকে তাঁদের দলীয় প্রতীক হিসেবে দাবি করেন। সাক্ষাৎ শেষে তিনি জানান, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না এনসিপি। তিনি আরও বলেন, সাদা বা লাল শাপলার মধ্যেই নির্বাচন করতে হবে, এর ব্যত্যয় মানা হবে না।
আজকের ব্রিফিংয়ে আবারও এনসিপির প্রতীক সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করেন ইসি সচিব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী নেত্রী, সাংবাদিক ও বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে।
এ বিষয়ে ইসি সচিব বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রাজনৈতিক দলের নিবন্ধন যাচাইয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই কমিশন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। এছাড়া নির্বাচনী আচরণবিধি ও আরপিও নিয়েও কমিশনের কাজ চলছে বলে তিনি জানান।