ঢাকার আমিন বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম হতাশা প্রকাশ করেছেন সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী। পরীক্ষায় অংশ নেওয়া ১৮৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪৯ জন। অকৃতকার্য হয়েছে ১৩৫ জন। পাসের হার মাত্র ২৬ শতাংশ।
এমন হতাশাজনক ফলাফলের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্টুডেন্ট কমিউনিটি ও গ্রিন আমিন বাজার। এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। আয়োজকদের দাবি, এটি ছিল মূলত একটি প্রতীকী ও নীরব প্রতিবাদ। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শিক্ষকদের নিজেদের দায়িত্ব, প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানানো হয়েছে।
সাবেক শিক্ষার্থীরা জানান, একসময় মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ আমিন বাজার এলাকার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল ছিল প্রশংসনীয়। কিন্তু সময়ের পরিবর্তনে প্রশাসনিক দুর্বলতা, অব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ও সুনাম হারাতে বসেছে বলে অভিযোগ তাদের।কর্মসূচিতে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীরা বলেন, “আমরা এই প্রতিষ্ঠানটিকে ভালোবাসি। একসময় এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের গর্ব ছিল। আজকের ফলাফল আমাদের ব্যথিত করেছে। কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমরা নীরবে আমাদের প্রতিবাদ জানিয়েছি, যাতে সংশ্লিষ্টরা বিষয়টি উপলব্ধি করে প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসেন।”
তারা আরও বলেন, আমিন বাজার এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম ভরসা এই প্রতিষ্ঠান। তাই এর মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা, দ্রুত স্থায়ী অধ্যক্ষ নিয়োগ, প্রশাসনিক জটিলতা নিরসন, শিক্ষকদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং পাঠদানের মান উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।
তাদের ভাষ্য, এই কর্মসূচি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা নয়; বরং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সম্মিলিত আহ্বান।