ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই, যেকোনো উপায়ে’ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, তেহরানকে হয় সমঝোতায় আসতে হবে, নয়তো যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাবে।
রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে (আরএসবিএন) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান ‘হয়তো সহজ উপায়েই’ হতে পারে।
এদিকে, যুদ্ধের পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, প্রণালিটিতে মাইনে আঘাত লাগার পর অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।
এ ছাড়া, গত শুক্রবার কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো।
অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সঙ্গে দুই দিনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি আশা প্রকাশ করেছেন, কূটনীতির পথ বেছে নেওয়ার মতো যথেষ্ট বিচক্ষণতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
এর মধ্যেই নতুন করে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। তার বক্তব্য অনুযায়ী, তেহরানকে সমঝোতায় আসতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের মাধ্যমে সংঘাতের ইতি টানবে।