ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা চলাচলে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নতুন এই নির্দেশনা অনুযায়ী, বৈধ নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। একইসঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের প্রধান সড়ক বা করিডোরে ব্যাটারিচালিত যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ শীর্ষক এই নীতিমালা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধিত প্রতিটি ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল ও জনবহুল এলাকায় তা নামিয়ে আনতে হবে সর্বোচ্চ ১৫ কিলোমিটারে। এছাড়া প্রতিটি যানবাহনে স্পিডোমিটার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আকারভেদে সর্বোচ্চ দুই থেকে চারজন যাত্রী পরিবহনের সুযোগ থাকলেও চালকের পাশে বসানো, অতিরিক্ত মালামাল পরিবহন এবং ৪০ ডেসিবেলের বেশি শব্দ উৎপন্নকারী হর্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
নিবন্ধনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই দেশের নাগরিক হতে হবে। আবেদনের পর সব শর্ত পূরণ হলে ৩০ কার্যদিবসের মধ্যে ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ ও কিউআর কোডযুক্ত নম্বর প্লেট প্রদান করা হবে। পাঁচটি পর্যন্ত ই-রিকশা এক ব্যক্তির নামে নিবন্ধনের সুযোগ রাখা হলেও এক সিটি করপোরেশনের যান অন্য সিটি করপোরেশনে বাণিজ্যিকভাবে চালানো যাবে না। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা (বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা) এবং চার যাত্রীর ক্ষেত্রে ১০ হাজার টাকা (বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি মানদণ্ড বজায় রেখে এসব যানবাহনের অর্থনৈতিক মেয়াদ ধরা হয়েছে ১২ বছর। অনুমোদনহীন গ্যারেজ কিংবা অবৈধ বিদ্যুতের সাহায্যে চার্জিং সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় যত্রতত্র ব্যাটারি পোড়ানো বা ফেলা নিষিদ্ধ করা হয়েছে। ট্রাফিক নির্দেশ অমান্য, গতিসীমা লঙ্ঘন এবং অবৈধ চলাচলের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যৌথ অভিযানের এখতিয়ার প্রদান করা হয়েছে।