কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলুফা ইয়াসমিন নামার চর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের সংসারে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত বুধবার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে স্বজন ও স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন ও তাঁর মা আত্মগোপনে রয়েছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।