ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম।
গত ১৪ অক্টোবর দিবাগত রাতে গুলশানের নিকেতনে নিজের বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাঁকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।