বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার আশার খবর দিল সিআইডি। ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা ৮১ মিলিয়ন ডলার আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের রায় অনুযায়ী বাজেয়াপ্ত অর্থ ফেরত আসলে ২০১৬ সালের ফেব্রুয়ারির ঐতিহাসিক রিজার্ভ চুরির পুরো টাকাই উদ্ধার সম্ভব হবে।
২০১৬ সালে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের হিসাবে থাকা প্রায় ১০১ মিলিয়ন ডলার জাল সুইফট বার্তার মাধ্যমে চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো ২০ মিলিয়ন ডলার ফেরত এলেও, বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ভুয়া হিসাবে জমা পড়ে এবং পরে ক্যাসিনোতে পাচার হয়।
এই ঘটনাকে বিশ্বের অন্যতম বড় সাইবার ডাকাতি হিসেবে ধরা হয়। মামলার পর ফিলিপাইনের আদালতে আরসিবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া ডিগুইটো মানি লন্ডারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হন।