ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন। বিবিসির খবরে বলা হয়, জুলাইয়ে স্টারমার বলেছিলেন—ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে না আসে, তবে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের নীতি পরিবর্তন করবে। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে এই সিদ্ধান্তকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতদিন ধরে যুক্তরাজ্য বলেছিল, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই স্বীকৃতি দেওয়া হবে।
তবে ইসরায়েল ও কনজারভেটিভ নেতারা এই পদক্ষেপের সমালোচনা করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘সন্ত্রাসের পুরস্কার’ বলে অভিহিত করেছেন।
অন্যদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ বাঁচিয়ে রাখতে এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির আশা ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।