সৌদি আরবের মক্কা ও মদিনায় প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী আটকা পড়েছেন। বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তাঁদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে ভারত সরকার।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি সৌদি আরবে হাজারো ভারতীয় ওমরাহযাত্রীর আটকে পড়ার বিষয়টি সামনে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াইসি বলেন, ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাওয়া প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী মক্কা ও মদিনায় আটকা পড়েছেন। এসব বিমান সংস্থার ফ্লাইট বাতিল হওয়ায় তাঁরা দেশে ফিরতে পারছেন না।
আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে বড় উড়োজাহাজ পরিচালনার অনুমতি দিতে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানান ওয়াইসি। প্রয়োজনে তাঁদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করারও অনুরোধ করেন তিনি।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট ক্ষতিগ্রস্ত যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পাওয়া ফ্লাইটে প্রায় ৩ হাজার আটকে পড়া ওমরাহযাত্রী ভারতে ফিরেছেন। এ ছাড়া নিয়মিত ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি ওমরাহযাত্রী দেশে ফিরেছেন।
সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য চালু করা নিয়ন্ত্রণকক্ষগুলোর যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোয় হামলার পর ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে এবং কিছু ফ্লাইট বাতিল করা হচ্ছে।