ইউরোপের প্রধান কয়েকটি বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেস সাইবার হামলার শিকার হয়েছে। এর প্রভাবে লন্ডনের হিথ্রো, জার্মানির বার্লিন এবং বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।
অ্যারোস্পেস কর্তৃপক্ষ জানায়, সাইবার হামলার কারণে তাদের ওয়েবসাইট ও সেবা আপাতত বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
ব্রাসেলস বিমানবন্দর জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এ আক্রমণ ঘটে। এরপর থেকে যাত্রীদের লাগেজ ও বোর্ডিং কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হচ্ছে। বার্লিনের ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও জানা গেছে।
কর্তৃপক্ষের ভাষ্য, হামলার ফলে যাত্রীরা ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপ করতে পারছেন না। তবে ম্যানুয়াল প্রক্রিয়ায় সীমিত সেবা দেওয়া হচ্ছে। আক্রমণটি হয়েছে মিউস সফটওয়্যারে, যা বিমান সংস্থাগুলোকে নিজস্ব ডেস্ক ব্যবহার না করে বিমানবন্দরের অভিন্ন চেক-ইন ও বোর্ডিং সুবিধা নিতে সহায়তা করে।
কলিনস অ্যারোস্পেস বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবন্দরকে সেবা দিয়ে থাকে। বিশেষ করে ইউরোপভিত্তিক বেশিরভাগ সংস্থা তাদের গ্রাহক। সাইবার হামলার ফলে অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইন্স।
লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর ইতোমধ্যেই যাত্রীদের ফোনে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের তথ্য জানিয়ে দিয়েছে।
তবে ইউরোপের সব বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।