কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মেরিনা রিসোর্টের জাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হিমছড়ির মেরিনা রিসোর্টে ওঠা পাঁচ বন্ধু বিকেলে পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে পাঁচজনই ভেসে যান। পরে তিনজনকে মৃত অবস্থায় এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। আহত পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। কয়েকজন বন্ধু মিলে ছুটি কাটাতে তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন এবং কতজনকে উদ্ধার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।