কাতালোনিয়ায় ভারী বৃষ্টিতে বার্সেলোনার কাছে মোভ কার্সের গাড়ি রাখার ঘাঁটি প্লাবিত হওয়ার পর উবারের ৭৫৭টি গাড়ির মধ্যে ৪৩৬টি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ির সংকটে পরিষেবার ভাড়া কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কর্মীদের প্রতিনিধিরা। একই সঙ্গে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত গাড়ি যথাযথভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত না করেই রাস্তায় নামানোর অভিযোগ উঠেছে।
স্পেনের সংবাদমাধ্যম কনসুমিদর গ্লোবালের ২১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বন্যায় ডুবেছে গাড়ি রাখার এলাকা
গত ৩ ও ৪ অক্টোবর কাতালোনিয়ায় প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বার্সেলোনার কাছে করনেইয়া দে ইয়োব্রেগাতের এল কর্তে ইংলেসের ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের চার নম্বর তলায় অবস্থিত মোভ কার্সের গাড়ি রাখার ঘাঁটিও পানিতে ডুবে যায়।
মোভ কার্স উবারের অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহনের জন্য ভাড়া করা গাড়ি বা ভিটিসি (VTC) পরিষেবা পরিচালনা করে। প্রতিষ্ঠানটির কর্মী প্রতিনিধি ও পরিবহন শ্রমিক সংগঠন এসএলটির (SLT) প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় প্রায় ৫০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
১৬ অক্টোবর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও কর্মী প্রতিনিধিদের সর্বশেষ বৈঠকে জানানো হয়, মোট ৭৫৭টি গাড়ির মধ্যে মাত্র ৩২১টি চলাচলের উপযোগী ছিল। বাকি ৪৩৬টি গাড়ি তখনও পরিষেবার বাইরে ছিল।
গাড়ির সংকটে বেড়েছে উবারের ভাড়া
রাস্তায় চলাচলকারী গাড়ির সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের ভাড়ায়ও প্রভাব পড়েছে বলে জানিয়েছেন কর্মী প্রতিনিধিরা। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক দিনগুলোতে উবারের ভাড়া কিছুটা বেড়েছে।
তবে ভাড়া ঠিক কত শতাংশ বেড়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্মী প্রতিনিধিরা জানিয়েছেন, ভাড়া নির্ধারণ করে উবার, মোভ কার্স নয়। এ ছাড়া বন্যার কারণে ভাড়ার ওপর ঠিক কী পরিমাণ প্রভাব পড়েছে, তা নির্ধারণের মতো তথ্যও তাঁদের কাছে নেই।
গাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত না করায় স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ
শ্রমিক প্রতিনিধিদের অভিযোগ, বন্যার পানিতে ডুবে যাওয়া কিছু গাড়ি যথাযথভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত না করেই আবার রাস্তায় নামানো হচ্ছে। তাঁদের দাবি, এসব গাড়ির ভেতরে কাদা, নোংরা পানি ও দুর্গন্ধ রয়ে গেছে। এতে ছত্রাক ও ব্যাকটেরিয়ার মতো জীবাণুর ঝুঁকি তৈরি হতে পারে।
প্রতিবেদনে এক উবারচালকের বক্তব্যও তুলে ধরা হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই চালক জানান, বন্যার পর তিনি ও তাঁর কয়েকজন সহকর্মী টানা তিন দিন কাজ করতে পারেননি। পরে কিছু গাড়ি নিয়ে রাস্তায় বের হলেও সেগুলোতে ত্রুটির সতর্কসংকেত দেখা যাচ্ছিল। কোনো কোনো গাড়ির ভেতরে জমে থাকা পানি ও কাদার দুর্গন্ধও ছিল।
কর্মী প্রতিনিধিদের দাবি, কিছু চালক গাড়ির অবস্থা সহ্য করতে না পেরে অথবা গাড়িকে নিরাপদ মনে না করায় সেগুলো নিয়ে আবার ঘাঁটিতে ফিরে গেছেন।
বিশেষ করে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সংযোগ, সেন্সর ও নিয়ন্ত্রণব্যবস্থায় পরে ত্রুটি দেখা দিতে পারে। গাড়ি চালু হলেও তাতে সব সমস্যা দূর হয়েছে, এমন নিশ্চয়তা নেই।
শ্রম দপ্তরের পরিদর্শন, ত্রুটি সংশোধনে ১০ দিনের সময়
কর্মী প্রতিনিধিরা শুধু গাড়ির অবস্থাই নয়, কর্মস্থলের শৌচাগার ও ২৪ ঘণ্টা জরুরি সমস্যার সমাধান দেওয়ার ব্যবস্থার ঘাটতি নিয়েও অভিযোগ করেছেন।
তাঁদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি শ্রম দপ্তরে জানানো হয়। পরে একজন পরিদর্শক করনেইয়ার ওই স্থাপনা পরিদর্শন করেন। এ সময় গাড়ি রাখার পার্কিং এলাকা, সিঁড়ি, গাড়ির অবস্থা, পরিষ্কার করার পদ্ধতি, শৌচাগার, বায়ু চলাচল এবং কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরীক্ষা করা হয়।
গাড়ি পরিষ্কারের কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংস্পর্শে কর্মীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, সেটিও পর্যালোচনা করা হয়। কর্মী প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, শনাক্ত করা বিভিন্ন ত্রুটি সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।
গাড়ির ক্ষয়ক্ষতি, কোন মানদণ্ডে গাড়িকে আবার চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, পরিষ্কার ও জীবাণুমুক্ত করার ব্যবস্থা এবং গাড়ির সংকটের কারণে ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে কনসুমিদর গ্লোবাল উবার ও মোভ কার্সের সঙ্গে যোগাযোগ করেছিল।
তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই এ বিষয়ে বক্তব্য দেয়নি।
তথ্যসূত্র: কনসুমিদর গ্লোবাল (Consumidor Global)