মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে জাকারিয়ার এই আকস্মিক বিদায় ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের আইনি যোগ্যতা নিয়ে বিভ্রান্তি ও সংবাদ ব্রিফিংয়ে পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জাচারিয়া। তিনি নিজেকে আইনজীবী হিসেবে দাবি করলেও পরবর্তীতে স্বীকার করেন যে, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যুক্তরাষ্ট্রে বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ ছাড়া আইন প্র্যাকটিস করা সম্ভব নয়—এমন তথ্য প্রকাশ পাওয়ার পরপরই বিতর্ক চরম আকার ধারণ করে।
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সংবাদমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়ার পর তিনি নিজেই জাচারিয়াকে এই পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্প বলেন, তিনি তাকে জানিয়েছিলেন যে এই পদে সে হয়তো সুখী হতে পারবে না।
গত ১২ অক্টোবর ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়ে প্রেস সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেছিলেন কেটি জাচারিয়া। মাত্র কয়েকদিনের মাথায় বিদায় নেওয়ায় হোয়াইট হাউসের ইতিহাসে তিনিই সম্ভবত সবচেয়ে কম সময় এই পদে দায়িত্ব পালন করলেন। ইতিপূর্বে ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১০ দিন যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব সামলে আলোচনায় এসেছিলেন অ্যান্থনি স্কারামুচি। জাচারিয়ার বিদায়ের বিষয়ে প্রাক্তন এই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, “রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়।” নতুন প্রেস সেক্রেটারি নিয়োগে বর্তমানে কোনো তাড়াহুড়ো নেই বলে ফক্স নিউজকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।