টানা মূল্যবৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে বলে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে ব্যবহৃত তেজাবি স্বর্ণের ওপর। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর ঠিক করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হবে। এর সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে ১৬ সেপ্টেম্বর ভরিপ্রতি ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ধরা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম। এর মধ্যে ৩৭ বার বেড়েছে, কমেছে ১৭ বার। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল—৩৫ বার বেড়েছিল, আর কমেছিল ২৭ বার।
স্বর্ণের দামের ওঠানামার মধ্যেও অপরিবর্তিত আছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেট ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৭৬ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেট ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ১৩৫ টাকা নির্ধারিত আছে।