ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিমানে পাশাপাশি বসা দুই তারকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের একসঙ্গে বিদেশযাত্রা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
ছবিটি প্রকাশের পর অনেকেই জানতে চান, নতুন কোনো সিনেমার শুটিংয়ে যাচ্ছেন কি না এই দুই তারকা। তবে মিথিলার ফেসবুক পোস্টে স্পষ্ট হয়েছে, সিনেমার কাজে নয়, নিউইয়র্কে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতেই তাদের এই সফর।
বিমান ভ্রমণের ছবি ও অনুষ্ঠানের আনুষ্ঠানিক পোস্টার ফেসবুকে শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’
শাকিব খান ও মিথিলার এই ক্যাপশনেও রয়েছে বিশেষ ইঙ্গিত। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ছিল আগুন, আর মিথিলা অভিনয় করেছিলেন এলিনা চরিত্রে। সিনেমার সেই দুই চরিত্রের নাম উল্লেখ করেই নিউইয়র্কে একসঙ্গে উপস্থিত হওয়ার খবর জানিয়েছেন মিথিলা।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিকের আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। একই মঞ্চে উপস্থিত থাকবেন তানজিয়া জামান মিথিলাও।
দুই তারকার একই বিমানে নিউইয়র্কযাত্রা ঘিরে ভক্তদের আগ্রহের অবসান ঘটলেও, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে এখন অপেক্ষা করছেন ভক্ত-অনুরাগীরা।