আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি জানান, যাদের এনআইডি লক করা হয়েছে, তারা কেউই প্রবাসে বসে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।
গত এপ্রিলেই ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের মোট ১০ সদস্যের এনআইডি লক করা হয়। তালিকায় রয়েছেন শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “যারা প্রবাসে আছেন তারা অনলাইনে নিবন্ধন করলে ভোট দিতে পারবেন। কিন্তু এজন্য এনআইডি ব্যবহার বাধ্যতামূলক। যাদের এনআইডি লক করা আছে তারা নিবন্ধনই করতে পারবেন না, ফলে তাদের ভোট দেওয়ার সুযোগ নেই।”
তিনি আরও জানান, মামলার কারণে কিংবা অন্য কোনো কারণে বিদেশে থাকা কেউ যদি এনআইডি লক অবস্থায় না থাকে, তবে তিনি অনলাইনে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী-এমপিরা। আওয়ামী লীগের বহু নেতাকর্মীও বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সরকারের নিষেধাজ্ঞার কারণে দলীয় কার্যক্রম স্থগিত থাকলেও দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে যাদের এনআইডি লক, বিশেষ করে যারা প্রবাসে আছেন, তারা এই অধিকার থেকে বঞ্চিত হবেন।