সৌদি আরবে সেনা মোতায়েন নিয়ে নিজেদের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানি সেনারা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন এবং তারা দেশটিতে দীর্ঘ দশক ধরে বিভিন্ন সক্ষমতা ও পেশাগত ক্ষেত্রে দায়িত্ব পালন করে আসছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
তিনি আরও উল্লেখ করেন যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতাতেই আজকের মক্কা প্রতিরক্ষা জোট গড়ে উঠেছে। এর আগে রিয়াদের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায় বৈঠকে তিন দেশ দ্রুত সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং মোতায়েনের বিষয়ে একমত পোষণ করে। গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তির মূল ধারা অনুযায়ী, জোটভুক্ত কোনো একটি দেশের ওপর বহিরাগত হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।