গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে তারা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেন।
বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা ও তিন দফা দাবির প্রতিবাদে এ কর্মসূচি আহ্বান করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিমুলতলী এলাকায় বিক্ষোভ মিছিল হয়। পরে তা ভুরুলিয়ায় গিয়ে রেলপথ অবরোধে পরিণত হয়।
অবরোধের কারণে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় চিত্রা এক্সপ্রেস ট্রেন মৌচাক স্টেশনে আটকা পড়ে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাজিরুজ্জামান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের ৪০ লাখ ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চলছে। তারা বিএসসি প্রকৌশলীদের দাবিকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ উল্লেখ করে বলেন, এসব দাবি কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করছে।
ডিপ্লোমা প্রকৌশলীরা ফাউন্ডেশনের সাত দফা দাবি মানার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে—
- ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের একক নিয়োগ,
- ১৯৯৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দশম গ্রেডে নিয়োগ নিশ্চিতকরণ,
- শিক্ষকের স্বল্পতা দূর করতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:১২ নির্ধারণ,
- এবং কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দ্রুত বাস্তবায়ন।