গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামে এক নারী শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখা যায়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে।
নিহত তাসমিন আরা নাজ স্থানীয় নাজির হোসেনের মেয়ে। তিনি শহরের এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ভোরে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে এলাকাবাসী নদীতে তাঁর লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
সহকর্মীরা জানিয়েছেন, নাজ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।