এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টিতে টিকে থাকতে হলে আজকের ম্যাচটাই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ আফগানিস্তান—যারা সংক্ষিপ্ত ফরম্যাটে সবসময়ই প্রতিদ্বন্দ্বী দলের জন্য বড় চ্যালেঞ্জ। ফলে ম্যাচ শুরুর আগে থেকেই কে এগিয়ে, এ নিয়েই চলছে নানা বিশ্লেষণ।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াই হয়েছে ১২ বার। এর মধ্যে আফগানিস্তান জিতেছে ৭ ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ৫টিতে। দুই দলের প্রথম মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে, যেখানে জয় পায় বাংলাদেশ। তবে সর্বশেষ সাক্ষাৎ ঘটে টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ৮ রানে হেরে যায় টাইগাররা।
এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে মাত্র একবার। ২০২২ সালে শারজায় অনুষ্ঠিত সেই ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে হারায় বাংলাদেশকে।
সাম্প্রতিক রেকর্ড কিছুটা হলেও সমান লড়াইয়ের ইঙ্গিত দেয়। সর্বশেষ চার ম্যাচে উভয় দলই জিতেছে দুটি করে ম্যাচ। তবে ভেন্যু নিয়ে রয়েছে বাড়তি উদ্বেগ। কারণ, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সব জয়ই এসেছে ঘরের মাঠে। অন্যদিকে আফগানিস্তানের সাত জয়ের মধ্যে দুইটি অ্যাওয়ে এবং পাঁচটি নিরপেক্ষ ভেন্যুতে।
সব মিলিয়ে পরিসংখ্যান সামান্য আফগানদের পক্ষে থাকলেও আজকের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজবে। চাপের মুহূর্তে অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তাই নির্ধারণ করতে পারে ফলাফল।
দর্শকের চোখ এখন মাঠে—যেখানে জয় মানে টিকে থাকা, আর হার মানে বিদায়।