সপ্তাহান্তের ভারী বৃষ্টির প্রভাব সোমবার সকালেও কাটেনি বার্সেলোনা ও এর আশপাশের এলাকায়। এর মধ্যেই নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভ্যালেস ওরিয়েন্তাল ও মারেসমে এলাকায় আজ সকালে ভারী বৃষ্টির আশঙ্কায় নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ (Protecció Civil) ইএস-অ্যালার্ট (মোবাইলে জরুরি সতর্ক বার্তা) পাঠিয়েছে।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে গণপরিবহন ব্যবস্থা। রোদালিয়েস (Rodalies) ট্রেন পরিষেবায় বড় ধরনের বিঘ্ন অব্যাহত রয়েছে। তিনটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখে বিকল্প বাস পরিষেবা চালু করা হয়েছে। আরও তিনটি লাইনে কোনো ট্রেন চলাচল করছে না।
এদিকে বার্সেলোনার প্লাসা দে কাতালুনিয়া এলাকার রেল টানেলে জমে থাকা পানি সরানোর কাজ এখনও চলছে। ফলে রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
মেট্রো পরিষেবাতেও রয়েছে সমস্যা। এল৯ সুদ (L9 Sud) ও এল৯ নর্দ (L9 Nord) লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি বাস রুটে পরিবর্তিত পথে যানবাহন চলাচল করছে, কোথাও কোথাও পরিষেবাও সীমিত করা হয়েছে।
সপ্তাহান্তের প্রবল বৃষ্টির পর সড়ক ও গণপরিবহনে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা সোমবার সকালেও পুরোপুরি কাটেনি। নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় পরিস্থিতির ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।
ভ্যালেস ওরিয়েন্তাল ও মারেসমে এলাকায় বসবাসকারী মানুষকে ভারী বৃষ্টির সময় বিশেষ সতর্ক থাকতে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।